প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৫ , ১০:৩৭:৩৪ প্রিন্ট সংস্করণ
নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কবিরহাট উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে কবিরহাট উপজেলা ও কবিরহাট পৌরসভা বিএনপি উদ্যোগে কবিরহাট বাজারের বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি কবিরহাট জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে ওয়াসিম চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘মোহাম্মদ ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলক মামলার আশ্রয় নিয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।’
অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তারা।
বিক্ষোভ ও সমাবেশে নোয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বি এস সি, নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মৌমিত ফয়সাল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপি’র সদস্য সচিব বেলায়েত হোসেন খোকনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















