প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৬ , ১২:২৭:৫০ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠের নির্বাচনী সমাবেশের মঞ্চে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার বেলা ১২টা ১৪ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি মঞ্চে ওঠেন। সে সময় মুহুমুর্হু করতালিতে পুরো সমাবেশস্থল মুখরিত হয়ে উঠে।
এটি তারেক রহমানের নির্বাচনী প্রচারের দ্বিতীয় পর্ব। এর আগে গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন বিএনপি চেয়ারম্যান।
২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। এবার দলের চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম সফরে এসেছেন তিনি।
তবে পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের এটি প্রথম সমাবেশ। এর আগে ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় এ মাঠে তার মা খালেদা জিয়ার জনসভা হয়েছিল।
এদিকে বিএনপির চেয়ারম্যানের আগমনকে ঘিরে ভোর থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ড, উপজেলা, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা থেকে ব্যানার ফেস্টুন, রঙ বেরঙের পোশাক পরে মিছিল নিয়ে লোকজন আসতে শুরু করে সমাবেশস্থলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পলোগ্রাউন্ড মাঠ পূর্ণ হয়ে যায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বিএনপি। মঞ্চে উপস্থিত আছেন চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। এ ছাড়া রয়েছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। মাঠে জড়ো হয়েছেন চট্টগ্রামসহ আশপাশের জেলা থেকে আসা লাখো নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহের সভাপতিত্বে সমাবেশে ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোনায়েম মুন্না, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ।
সমাবেশে বক্তারা বলেন, দেশকে বাঁচানোর জন্য ধানের শীষে ভোট দিন। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।
চট্টগ্রামের সমাবেশ শেষে তারেক রহমান বিকেল ৪টায় ফেনী পাইলট স্কুল মাঠে, সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় সোয়াগাজী ডিগবাজির মাঠে, সাড়ে ৭টায় দাউদকান্দি ঈদগাঁ মাঠে এবং রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুরমাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান।
পলোগ্রাউন্ডের সমাবেশে যোগ দেওয়ার আগে নগরীর র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ এ তরুণদের সঙ্গে আলোচনায় বসেন তারেক রহমান। সেখানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপি চেয়ারম্যান।









