সারাদেশ

কলাপাড়ায় ক্লাস চলাকালে ১০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

  এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা: ৮ অক্টোবর ২০২৬ , ২:৪৬:২২ প্রিন্ট সংস্করণ

 পটুয়াখালীর কলাপাড়ায় চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে একে একে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থ শিক্ষার্থীরা হলো—অষ্টম শ্রেণির তাইফা, দশম শ্রেণির জাকিয়া সুলতানা, অষ্টম শ্রেণির নুসরাত জাহান, সপ্তম শ্রেণির মারিয়া, দশম শ্রেণির মিম, সপ্তম শ্রেণির লাবিয়া, দশম শ্রেণির নুসরাত, দশম শ্রেণির সানজিদা এবং অষ্টম শ্রেণির সাদিয়া। একজন শিক্ষার্থীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুব উল্লাহ লিটন জানান, প্রথমে দশম শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে সহায়তা করতে এগিয়ে আসা কয়েকজন শিক্ষার্থীও একে একে অসুস্থ হয়ে পড়ে। পরে মোট ১০ শিক্ষার্থীকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার নির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে গত সপ্তাহে উপজেলার ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, তারা সবাই মাস সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন (Mass Psychogenic Hyperventilation)–এ আক্রান্ত হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত রয়েছে।”

আরও খবর

Sponsered content