জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি: ২৪ মার্চ ২০২৬ , ১১:০৩:১৩ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের আইন ও সমাজকল্যাণ সম্পাদক এবং ফেনী সাহিত্য ফোরাম-এর সভাপতি, বিশিষ্ট লেখক, গবেষক, সম্পাদক ও সংগঠক মাওলানা কাজী সিকান্দার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২৪ মার্চ) সীতাকুণ্ড উপজেলা-এর গুলিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। ফেনী সাহিত্য ফোরামের আয়োজিত আনন্দ ভ্রমণে অংশ নেওয়ার সময় দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে লেখক, সম্পাদক ও সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ ইসলামি লেখক ফোরামসহ বিভিন্ন সংগঠন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছে।
আলেম-লেখক কাজী সিকান্দার তাঁর জীবদ্দশায় গল্প, উপন্যাস, কবিতা, গবেষণা ও পাঠ্যবইসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ—
১. মা (গল্পগ্রন্থ) — ২০২০
২. সোনালী মেঘ (কবিতা সম্পাদনা) — ২০২১
৩. মানবতার কাব্য (কবিতা সম্পাদনা) — ২০২২
৪. দ্যা কী অব লাভ (ভালোবাসার চাবি) (উপন্যাস) — ২০২২
৫. হুজুরের শ্যালিকা (ছদ্মনাম ‘আজনবী’) (উপন্যাস) — ২০২২
৬. লেখক হওয়ার ব্যাকরণ (গবেষণা প্রবন্ধ) — ২০২৪
৭. শিক্ষা, নারী শিক্ষা ও মহিলা মাদরাসা (গবেষণা) — ২০২৪
৮. কওমীর পতনধ্বনী: উত্তরণ ও আশার বাণী (গবেষণা/ইতিহাস) — ২০২৪
৯. রাসূল (সা.) প্রেমের সওগাত (গল্প) — ২০২৫
১০. উম্মুহাতুল মুমিনীন (অনুবাদ) — ২০২৫
১১. গ্রাম আমার মায়ের আঁচল (ছড়া-কবিতা) — ২০২৫
১২. তাজবীদুল কুরআন (কুরআন শিক্ষা) — ২০১৪
১৩. দ্বীনী তালীম (দুআ ও মাসআলা) — ২০১৪
১৪. সহীহ দাওয়াত ও তাবলীগ — ২০২৪
১৫. ইসলাহী কায়েদা (শিশু পাঠ্য) — ২০২৩
১৬. দারুল আরাবিইয়্যাহ (আরবি শিশুসাহিত্য, ১–৫ খণ্ড) — ২০২৪
১৭. ক্যাপিটাল ইংলিশ (ইংরেজি শিশুসাহিত্য, ১–৫ খণ্ড) — ২০২৪
১৮. পুষ্পকলি (বাংলা শিশুসাহিত্য, ১–৫ খণ্ড) — ২০১৬
১৯. ইলম ও আলেম
২০. ভোট ও নেতা নির্বাচন
বহুমাত্রিক এই সাহিত্যকর্মের মাধ্যমে তিনি দ্বীনি শিক্ষা, সমাজসংস্কার ও সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
তিনি ফেনীর শিবপুর, বাদামতলী, জামাল কাজী বাড়ির বাসিন্দা এবং মরহুম মোখলেসুর রহমান-এর ছোট ছেলে ছিলেন।
আগামীকাল সকাল ৯টায় মরহুমের নিজ বাড়ির দরজায় জানাযা অনুষ্ঠিত হবে।
সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মহান আল্লাহর কাছে তার জান্নাতুল ফেরদাউস কামনা করেছেন।




















