প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:০৮:৩০ প্রিন্ট সংস্করণ
প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের নবনির্বাচিত এমপি আফরোজা খানম (রিতা)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণের মাধ্যমে তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। স্বাধীনতার পর এ আসন থেকে তিনিই একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথের জন্য আমন্ত্রণ পাওয়ার পর থেকেই জেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। শপথ গ্রহণের পর মানিকগঞ্জে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আফরোজা খানম ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক। পাশাপাশি তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।
রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা আফরোজা খানমের বাবা প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। বাবার হাত ধরেই তার রাজনীতিতে পথচলা শুরু।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হারুনার রশিদ খানের প্রধান নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে জেলা ও রাজধানীতে দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১০ সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ২০১৩ সালে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিকে মানিকগঞ্জবাসী এলাকার জন্য ইতিবাচক সম্ভাবনা হিসেবে দেখছেন। স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন, তার নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।














