সিলেট প্রতিনিধি: ২৩ আগস্ট ২০২৬ , ১০:৫৩:১৫ প্রিন্ট সংস্করণ
সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামে এক প্রবাসীর পৈতৃক সম্পত্তি জবরদখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রবাসী মুহিবুর রহমান খাগদিওর গ্রামের পূর্বপাড়ার মৃত মতছির আলীর ছেলে। প্রায় ৩০ বছর ধরে তিনি বিদেশে অবস্থান করার সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী চক্র তার পৈতৃক রেকর্ডীয় জমি বেআইনিভাবে দখল করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, খাগদিওর ছিক্কাপাড়া গ্রামের বাহরাম খান ও সমছু খান—উভয়েই মৃত মদরিছ আলীর ছেলে—এবং সমছু খানের ছেলে জয়নাল খানের নেতৃত্বে একটি চক্র প্রবাসী মুহিবুর রহমানের মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে রেখেছে। একই সঙ্গে তারা ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি জানিয়ে এরই মধ্যে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগও করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
জবরদখল করা জমি পুনরুদ্ধার ও ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবার গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত আবেদন করেছে। আবেদনে অভিযোগের দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পৈতৃক সম্পত্তি দখলমুক্ত করে বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
ভুক্তভোগী মুহিবুর রহমান অভিযোগ করে বলেন, জয়নাল খান তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছেন। এমনকি প্রাণনাশের ভয়ভীতিও দেখানো হচ্ছে। পাশাপাশি তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে এবং চাঁদা দিলে জমি দখলমুক্ত করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মুহিবুর রহমান আরও বলেন, দীর্ঘদিন বিদেশে থাকার সুযোগে তার পৈতৃক সম্পত্তি দখল করে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ অবস্থায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত প্রতিকার দাবি করেছেন তিনি।





















