খেলাধুলা

প্রেমিকা হত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক এনএফএল খেলোয়াড়

  প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:০৭:৩০ প্রিন্ট সংস্করণ

সাবেক এনএফএল লাইনব্যাকার ড্যারন লির বিরুদ্ধে তার প্রেমিকাকে হত্যার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেনেসির চাটানুগার কাছে একটি বাসভবনে পুলিশকে পাঠানো হয়।

পরে ঘটনাস্থলে পৌঁছে এক নারীকে বাঁচানোর চেষ্টা করা হলেও ততক্ষণে তিনি মারা গিয়েছিলেন। ৩১ বছর বয়সী লিকেই সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয় এবং তাকে হেফাজতে নেওয়া হয়। শুক্রবার তার বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যা ও প্রমাণ নষ্ট করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আগামী ১১ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার কথা রয়েছে তার।

হ্যামিল্টন কাউন্টি শেরিফ অফিসের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভুক্তভোগীর মৃত্যুটি একটি হত্যাকাণ্ডের ফল।’

নিহত নারীর নাম এখনো প্রকাশ করা হয়নি; নিকটাত্মীয়কে জানানো না হওয়া পর্যন্ত নাম গোপন রাখা হচ্ছে।

ড্যারন লি ২০১৬ সালে নিউইয়র্ক জেটসের হয়ে প্রথম রাউন্ডের ড্রাফট পিক ছিলেন। সর্বশেষ তিনি ২০২০ সালে বাফলো বিলসের হয়ে এনএফএলে খেলেন।

২০১৯ সালে শৃঙ্খলাজনিত সমস্যা ও খারাপ ফর্মের কারণে জেটসের সঙ্গে তার চার বছরের চুক্তি এক বছর আগেই বাতিল হয়। ২০২০ সালে কানসাস সিটি চিফসের সেই স্কোয়াডের অংশ ছিলেন লি, যারা সুপার বোল জিতেছিল-যদিও তিনি ম্যাচে খেলেননি।

২০২১ সালের জুনে তিনি লাস ভেগাস রেইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন, তবে দুই মাস পরই কোনো ম্যাচ না খেলেই ছেড়ে দেওয়া হয়।

এর আগে ২০২৩ সালে হামলা ও পারিবারিক সহিংসতার অভিযোগে লিকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার প্রতিবেদনে বলা হয়, তিনি এক নারীকে ‘দেয়ালে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন এবং বন্ধ মুঠি দিয়ে তার মুখ ও মাথায় আট থেকে নয়বার আঘাত করেন।’

আরও খবর

Sponsered content