প্রচ্ছদ

ফিক্সিংয়ের অভিযোগ উড়িয়ে পালটা অভিযোগ সেই আইপিএল ফ্র্যাঞ্চাইজির

  স্পোর্টস ডেস্ক ২২ এপ্রিল ২০২৫ , ৬:০৩:০৫ প্রিন্ট সংস্করণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। রাজস্থান ক্রিকেট সংস্থার (আরসিএ) অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি রাজস্থানের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ এনেছেন।

গত ১৯ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের ২ রানে হারের ম্যাচটিকে টেনে এই অভিযোগ করেন বিহানি। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, দীপ রায় নামে ফ্র্যাঞ্চাইজির এক সিনিয়র কর্মকর্তা বিহানির বক্তব্যকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও প্রমাণ অযোগ্য’ বলেছেন।

এনডিটিভির প্রতিবেদন থেকে আরও জানা গেছে, বিহানির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী ও ক্রীড়া সচিবের কাছে রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট আনুষ্ঠানিক অভিযোগ করেছে।

এক বিবৃতিতে রাজস্থান ম্যানেজমেন্ট বলেছে, ‘অ্যাডহক কমিটির আহ্বায়কের করা অভিযোগগুলো আমরা প্রত্যাখ্যান করছি। জনসমক্ষে এমন বক্তব্য শুধু বিভ্রান্তই করে না। এমনকি রাজস্থান রয়্যালসের গ্রহণযোগ্যতা ও খ্যাতিরও ক্ষতিসাধন করে। এতে করে রয়্যাল মাল্টি স্পোর্টস প্রাইভেট লিমিটেড (আরএমপিএল), রাজস্থান ক্রীড়া সংস্থা ও বিসিসিআইয়েরও খ্যাতি নিয়ে প্রশ্ন ওঠে। ক্রিকেটের গ্রহণযোগ্যতাও ধূলিসাৎ করে দেয় এসব অভিযোগ।’

এর আগে গতরাতে নিউজ১৮ রাজস্থান নামে এক চ্যানেলে কথা বলার সময় রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনেন বিহানি। দলের পারফরম্যান্সের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ, রাজস্থান ক্রীড়া পরিষদ, বিসিসিআইকেও কাঠগড়ায় তোলেন তিনি।

রাজস্থানের বিরুদ্ধে দুর্নীতিতে জড়ানোর অভিযোগ অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ফিক্সিংয়ের অভিযোগে ২০১৬ ও ২০১৭ আইপিএলে দলটি নিষিদ্ধ ছিল।

এমআই

আরও খবর

Sponsered content