প্রচ্ছদ

ফুলগাজীতে পারফরম্যান্স বেজড স্কিমে পুরস্কার বিতরণ, পাশের হার নিয়ে হতাশা প্রকাশ

  প্রতিনিধি ২৯ জুলাই ২০২৫ , ২:১৩:৫২ প্রিন্ট সংস্করণ

জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীর ফুলগাজী উপজেলায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে “পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন” (PBGSPI) প্রকল্পের আওতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) ফুলগাজী উপজেলা অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

প্রকল্পে মোট ৪০ জন শিক্ষার্থী নির্বাচনের সুযোগ থাকলেও ফুলগাজী উপজেলার একমাত্র নির্বাচিত শিক্ষার্থী হচ্ছেন আলী আজম স্কুল অ্যান্ড কলেজের মুনতাহান চৌধুরী। তিনি মুন্সীরহাট ইউনিয়নের দক্ষিণ তারালিয়া গ্রামের মনিরুল ইসলামের পুত্র এবং বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

প্রধান অতিথির বক্তব্যে ফাতিমা সুলতানা বলেন, “প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পাঠ্যাভ্যাস গড়ে তুলতে লাইব্রেরি সচল রাখা, ভাষাগত দক্ষতা ও আইসিটি ভিত্তিক জ্ঞান বৃদ্ধির জন্য শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন করইয়া কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল বারী, ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন এবং সাংবাদিক জহিরুল ইসলাম রাজু প্রমুখ।

বক্তারা ফুলগাজীতে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় মাত্র ৪৩% পাশের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, “শিক্ষার্থীদের উদাসীনতার পাশাপাশি উপজেলা শিক্ষা অফিসার পদে শূন্যতা ও বিভিন্ন বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক সংকট এই ফলাফলের অন্যতম কারণ।”

অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক এবং প্রশাসনের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

আরও খবর

Sponsered content