মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া): ৭ সেপ্টেম্বর ২০২৫ , ১১:০৭:০৭ প্রিন্ট সংস্করণ
বগুড়ার শেরপুর উপজেলার চকখাগা গ্রামে চুরি করতে গিয়ে দোকান মালিককে হত্যার চেষ্টা করার অভিযোগে কাওছার (১৬) নামে এক কিশোরকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ঘটনা ঘটে শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে। আটক কাওছার ওই গ্রামের আল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চকখাগা গ্রামের আমিনুর আলী, যিনি দীর্ঘদিন ধরে মুদির দোকান চালান, প্রতিদিনের মতো সেদিনও দোকান বন্ধ করে ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাতের অন্ধকারে দোকানের গ্যাস ফ্যান খুলে ভেতরে প্রবেশ করে কাওছার। এ সময় আমিনুর জেগে উঠলে কাওছারকে হাতেনাতে ধরে ফেলেন। আত্মরক্ষার্থে কাওছার তার আপন মামা আমিনুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
আমিনুরের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে স্থানীয়রা কাওছারকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয়রা জানান, প্রায় এক মাস আগে একই দোকান থেকে ৫০ হাজার টাকা, ১৮ হাজার টাকার মোবাইল মিনিট কার্ড ও সিগারেট চুরির ঘটনাতেও কাওছারের সম্পৃক্ততা ছিল।
খানপুর ইউনিয়নের বিট অফিসার এসআই আমিরুল ইসলাম জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাওছারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।”





















