সারাদেশ

রেমা–কালেঙ্গা সংরক্ষিত বনে বিশেষ অভিযান: পাচারের আগেই ৩৪ টুকরো অবৈধ গোল কাঠ জব্দ

  চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৯ ডিসেম্বর ২০২৫ , ৮:২৩:৪৬ প্রিন্ট সংস্করণ


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা–কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে বন বিভাগের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে। পাচারের আগেই কাঠগুলো উদ্ধার করতে পারায় বড় ধরনের বন ধ্বংসের আশঙ্কা থেকে রক্ষা পেয়েছে দেশের গুরুত্বপূর্ণ এই সংরক্ষিত বনাঞ্চল।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার  (১৯ ডিসেম্বর) ভোর রাতে রশিদপুর বনবিট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৩৪ টুকরো অবৈধ গোল কাঠ উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ প্রায় ৮৩ দশমিক ২১ ঘনফুট। এছাড়া পাচারের উদ্দেশ্যে মজুত করা ৫টি আকাশমণি মোথাও জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, গোপনে বন থেকে গাছ কেটে এসব কাঠ মজুত করা হয়েছিল।

অভিযান পরিচালনায় সার্বক্ষণিক সহযোগিতা করেন সিএমসি সহ-সভাপতি ইখলাস মিয়া। পাশাপাশি সিপিজির সকল সদস্য, স্থানীয় ভিলেজার, কালেঙ্গা বিটের বিট অফিসার, সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, হেডম্যান এবং সিপিজি টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন রশিদপুর বনবিটের বিট অফিসার রেজভী বিশ্বাস এবং কালেঙ্গা বনবিটের বিট অফিসার আল আমিন। তাঁদের তাৎক্ষণিক তৎপরতা, নেতৃত্ব ও সমন্বিত উদ্যোগের ফলেই উদ্ধারকৃত কাঠগুলো নিরাপদে জব্দ করা সম্ভব হয়।

এ বিষয়ে কালেঙ্গা ডেপুটি রেঞ্জার আব্দুল খালেক জানান, জব্দকৃত কাঠের ঘটনায় বন আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে বন উজাড় ও কাঠ পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

আরও খবর

Sponsered content