বনানী (ঢাকা) প্রতিনিধি: ১৯ জুন ২০২৬ , ১২:০৫:৫০ প্রিন্ট সংস্করণ
ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে থানা ও ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পুলিশিং কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে বিভিন্ন থানায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বনানী থানা কমিউনিটি পুলিশিংয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউর রহমান ফাহিমকে সাধারণ সম্পাদক এবং সমাজসেবক শওকত আলী ভূঁইয়া দিলনকে উপদেষ্টা কমিটির আহ্বায়ক করা হয়েছে।
জানা গেছে, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও সমাজ প্রতিনিধিদের নিয়ে ১২ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি এবং ৩২ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বরাবর কমিটির তালিকা দাখিল করেছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।




















