সাঈদ ইবনে হানিফ, যশোর: ১৭ জুন ২০২৬ , ১০:৫৮:১৪ প্রিন্ট সংস্করণ
যশোরের বসুন্দিয়া এলাকায় এক নারীকে পারিবারিক বিরোধ নিষ্পত্তির আশ্বাস দিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে আটক করেছে।
অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন (৪২) বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি একটি রাজনৈতিক দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
থানায় দায়ের করা অভিযোগে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, গত ১৫ জুন দুপুরে মোবাইল ফোনে যোগাযোগ করে অভিযুক্ত তাকে বসুন্দিয়া মোড়ে আসতে বলেন। পূর্বপরিচয়ের সূত্র ধরে সেখানে গেলে তাকে গাইদগাছি এলাকার বেলতলা সংলগ্ন একটি মেহগনি বাগানে নিয়ে যাওয়া হয়। পরে ভয়ভীতি প্রদর্শন করে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে কোতোয়ালী মডেল থানায় লিখিত এজাহার দাখিল করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর সোমবার রাতে বসুন্দিয়া মোড় এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়। বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোফাজ্জেল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কোতোয়ালী মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




















