মাদারীপুর প্রতিনিধি: ১১ এপ্রিল ২০২৫ , ৬:৪৭:৩৯ প্রিন্ট সংস্করণ
মাদারীপুরের কালকিনিতে পুলিশের কাছ থেকে আটককৃত উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতকরা সহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাদের সহযোগীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া যায়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে কালকিনি থানা সংলগ্ন মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানান থানা সংলগ্ন মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের সিরাজ খানের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রাসেদ খান এবং একই গ্রামের মোঃ মোস্তফা সরদারের ছেলে মোঃ আল আমিন সরদারকে আটক করলে তাদের সহযোগীরা পুলিশের কাছ থেকে দুইজনকে ছিনিয়ে নেয়।
এ সময় কালকিনি থানার এস আই আবুল বাসার সহ চার পুলিশ সদস্যকে পিটি আহত করা হয়। আহত এক পুলিশ সদস্যকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের জন্য সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলছে।
ইব্রাহিম সবুজ /এমআই




















