প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৫ , ১০:০৮:০৩ প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অজ্ঞাত সশস্ত্র হামলায় শারপিন মোল্লা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কুরবান আলীর বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শারপিন মোল্লার বাড়ি ফোর্ডনগর মোল্লাপাড়া এলাকায়। তিনি মৃত সাইজ উদ্দিন মোল্লার ছেলে।
নিহতের পরিবারের সদস্য হাফিজুর রহমান মোল্লা জানান, সন্ধ্যার পর চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের একাধিক কোপে তিনি রাস্তার পাশে গুরুতর আহত অবস্থায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।














