প্রতিনিধি ২২ আগস্ট ২০২৬ , ১০:২৪:৫২ প্রিন্ট সংস্করণ
পেশাদার ফুটবলে নিজের ২৫তম মৌসুম শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বদলি হিসেবে মাঠে নেমে গোল করে ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৭৭-এ নিয়ে গেছেন পর্তুগিজ মহাতারকা। তাঁর গোলে আল নাসর শুক্রবার আল রিয়াদকে ৪-০ গোলে হারিয়েছে।
বিশ্বকাপের পর এই প্রথম আল নাসরের দলে ফিরেছেন রোনালদো। সম্প্রতি বিয়ের পরও এটি ছিল তার প্রথম ম্যাচ। সৌদি প্রো লিগের ম্যাচে নতুন কোচ অ্যাঞ্জে পোস্তেকোগ্লুর অধীনে আল নাসরের হয়ে বেঞ্চে শুরু করেন ৪১ বছর বয়সী এই তারকা।
রোনালদো যখন ৬২ মিনিটে মাঠে নামেন, তখন তাঁর দল ৩-০ গোলে এগিয়ে ছিল। আবদুলেলাহ আল-আমরি, অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও জোয়াও ফেলিক্সের গোলে তখন ম্যাচের নিয়ন্ত্রণে ছিল আল নাসর।
ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে আইমান ইয়াহিয়ার নিচু ক্রস অসাধারণ দক্ষতায় পেছনে টেনে নেন রোনালদো। এরপর প্রায় আট গজ দূর থেকে বল জালে পাঠিয়ে দেন তিনি।
এই গোলের মাধ্যমে হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো। ২০২২ সালের ডিসেম্বরে আল নাসরে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে এটি তাঁর ১৩০তম গোল।
গত সপ্তাহে আল ফাতেহর বিপক্ষে লিগের উদ্বোধনী জয় এবং মঙ্গলবার আল দিরিয়াহর বিপক্ষে কিংস কাপের ম্যাচে আল নাসরের হয়ে খেলেননি রোনালদো। বিয়ের পর দলে ফিরেই গোল করে নিজের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন তিনি।















