খেলাধুলা

বিশ্বকাপ খেলতে হলে ভারতে যেতেই হবে

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ১২:২৪:৩০ প্রিন্ট সংস্করণ

আইসিসির সঙ্গে মঙ্গলবার অনুষ্ঠিত বিসিবির ভার্চুয়াল বৈঠককে ঘিরে বাংলাদেশ দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পরস্পরবিরোধী তথ্য সামনে এসেছে।

ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবারের সেই ভার্চুয়াল কলে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দেয় যে নিরাপত্তাজনিত কারণে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ তারা গ্রহণ করছে না। আইসিসির পক্ষ থেকে বিসিবিকে আরও জানানো হয়েছে, বাংলাদেশকে ভারতে এসেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে; অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। তবে বিসিবি দাবি করেছে, আইসিসির কাছ থেকে এমন কোনো চূড়ান্ত নির্দেশনা বা আল্টিমেটাম তারা পায়নি।

এদিকে মঙ্গলবারের বৈঠকের ফলাফল নিয়ে এখনো পর্যন্ত বিসিসিআই কিংবা বিসিবি-কোনো পক্ষই আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত ছাড়াও অন্য কোথাও আয়োজনের বিষয়টি “বিবেচনা” করতে অনুরোধ করার পরই এই বৈঠকের আয়োজন করা হয়।

ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠেয় ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ তাদের প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতায়-৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাদের।

বিসিবির আইসিসিকে চিঠি লেখার পেছনের মূল কারণ ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলা। গত ডিসেম্বরে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুরকে দলে নিয়েছিল কেকেআর।

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। তবে কেন কেকেআরকে মোস্তাফিজুরকে ছাড়তে বলা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি। জানা গেছে, বিষয়টি নিয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের কোনো বৈঠকও হয়নি। ফলে সাইকিয়া ছাড়াও আর কারা এই সিদ্ধান্তে যুক্ত ছিলেন, তা নিয়েও প্রশ্ন রয়ে গেছে।

আরও খবর

Sponsered content