প্রতিনিধি ১৯ জুলাই ২০২৬ , ১১:০০:৩৫ প্রিন্ট সংস্করণ
লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিনে ইয়ামালের স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। শেষ মুহূর্তে এই ম্যাচের টিকিটের দাম পৌঁছেছে আকাশছোঁয়া উচ্চতায়। একটি টিকিট কিনতে গুনতে হচ্ছে প্রায় ১০ হাজার থেকে ৬০ হাজার মার্কিন ডলার।
শনিবার সকালে ফিফার অনুমোদিত টিকিট পুনর্বিক্রয় ব্যবস্থায় গোলপোস্টের পেছনের মধ্যম সারির একটি টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ৬ হাজার ৪১১ দশমিক ২৫ মার্কিন ডলার। তবে দুপুরের মধ্যেই সেই টিকিটগুলো বিক্রি হয়ে যায়।
এরপর স্টেডিয়ামের ওপরের সারির কোণার আসনের টিকিটের দাম প্রায় ১০ হাজার মার্কিন ডলারে পৌঁছে যায়। মাঠের আরও কাছাকাছি বসে খেলা দেখতে চাইলে ব্যয় করতে হচ্ছে প্রায় ১৬ হাজার মার্কিন ডলার। আর বিশেষ আতিথেয়তা সুবিধাসহ আসনের মূল্য পৌঁছেছে প্রায় ৬০ হাজার মার্কিন ডলারে।
অন্যান্য টিকিট বিক্রয় প্ল্যাটফর্মেও ওপরের সারির আসনের দাম প্রায় ১০ হাজার মার্কিন ডলার থেকে শুরু হয়েছে। নিচের সারির কিছু আসনের মূল্য প্রায় ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত উঠেছে।
অনেক দর্শকের কাছে এই বিপুল অর্থ ব্যয় করাও সার্থক মনে হচ্ছে। কারণ তাদের সামনে রয়েছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি এবং উদীয়মান প্রতিভা লামিনে ইয়ামালের মুখোমুখি লড়াই উপভোগ করার বিরল সুযোগ।
আর্জেন্টিনা এই ম্যাচে নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা এবং টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের পর আর কোনো দেশ টানা দুটি বিশ্বকাপ জিততে পারেনি। অন্যদিকে স্পেন একমাত্র বিশ্বকাপ শিরোপা জিতেছিল ২০১০ সালে।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৮টি গোল ও ৪টি গোলে সহায়তা করেছেন মেসি। ২০১৪ ও ২০২২ সালের পর এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলতে যাচ্ছেন তিনি। একই সঙ্গে চলতি আসরের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পের সমান অবস্থানে রয়েছেন মেসি।
বিশ্বকাপের আগে কাতারে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে মহাদেশীয় চ্যাম্পিয়নদের বিশেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে নির্ধারিত সেই ম্যাচটি বাতিল হয়ে যায়।





















