খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের শেষ মুহূর্তের টিকিট বিক্রি শুরু

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ১২:০০:৪৯ প্রিন্ট সংস্করণ

২০২৬ বিশ্বকাপ এখন শেষ অধ্যায়ের দ্বারপ্রান্তে। গত ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টেডিয়ামে শুরু হওয়া তিন স্বাগতিক দেশের এই বিশ্বকাপ শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি।

এখনও বাকি রয়েছে দুটি সেমিফাইনাল। একটিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড, অন্যটিতে লড়বে ফ্রান্স ও স্পেন। ফাইনালে কোন দুই দল উঠবে, তা এখনো নিশ্চিত না হলেও বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণের মহারণ ঘিরে ইতোমধ্যেই উত্তেজনা তুঙ্গে।

এই ঐতিহাসিক ফাইনাল মাঠে বসে উপভোগ করতে আগ্রহীদের জন্য শেষবারের মতো সুযোগ করে দিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালের জন্য শেষ মুহূর্তের টিকিট বিক্রি শুরু হয়েছে।

ফিফা জানিয়েছে, ফাইনালের জন্য দ্বিতীয় শ্রেণির প্রায় ১ হাজার ২০০টি টিকিট এখনো অবিক্রীত রয়েছে। স্টেডিয়ামের বিভিন্ন গ্যালারিতে থাকা এসব টিকিটের প্রতিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৩৮০ মার্কিন ডলার। অধিকাংশ আসনই স্টেডিয়ামের ওপরের অংশে অবস্থিত।

এছাড়া মাঠের কাছাকাছি গ্যালারিতে প্রথম শ্রেণির কিছু টিকিটও পাওয়া যাচ্ছে। তবে সেগুলোর দাম অনেক বেশি, যার কিছু টিকিটের মূল্য ৩০ হাজার মার্কিন ডলারেরও বেশি।

যারা সরাসরি মাঠে বসে বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ উপভোগ করতে চান, তাদের জন্য এটিই শেষ সুযোগ। আর যারা স্টেডিয়ামে যেতে পারবেন না, তারা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে টেলিভিশন বা অন্যান্য সম্প্রচার মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের বিদায়ী লড়াই উপভোগ করতে পারবেন।

আরও খবর

Sponsered content