প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৫ , ২:৪৩:৩৮ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষে স্বদেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাগত জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লেখেন, ‘আবার স্বাগতম! বাংলাদেশ আপনার কাছ থেকে ব্যতিক্রমী নেতৃত্ব প্রত্যাশা করে।’
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা সারজিস আলমও তারেক রহমানকে স্বাগত জানান। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান-পতন ও রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ বাংলাদেশে আসছেন। আমরা ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই।’
দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন সারজিস আলম। তিনি আরও লেখেন, ‘পূর্ব অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদবিরোধী সংগ্রাম এবং আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব—এটাই প্রত্যাশা।’
উল্লেখ্য, তারেক রহমান বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছান। বর্তমানে তিনি রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (সাবেক ৩০০ ফিট) এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে যাত্রা করেছেন। সংবর্ধনা শেষে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় থাকা তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।





















