প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ৯:৩৮:৫৪ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র দাখিলের পর দেলাওয়ার হোসেন বলেন, ‘ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র আজকে জমা দিয়েছি। গত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আপনারা জানেন- আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের সময় ভোটারদের কাছে ফখরুল ইসলাম বলতেন, ‘‘এটাই আমার জীবনের শেষ নির্বাচন।’’ দীর্ঘদিনের ত্যাগী ও সর্বজন শ্রদ্ধেয় হওয়ায় অনেকেই তাকে ভোট দিয়েছেন। এবার ঠাকুরগাঁও-১ আসনের মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। জয়ের ব্যাপার আমি শতভাগ আশাবাদী।’
এ সময় ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা অধ্যাপক মো. বেলাল উদ্দিন প্রধান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. কফিল উদ্দিনসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে এ পর্যন্ত ৫জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময়। শনিবার ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তিনি বলেন, উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর আগে, চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন দেলাওয়ার হোসেন। ওই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৯৭ হাজার ৮১৯। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত।





















