প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ , ১:০৪:২৪ প্রিন্ট সংস্করণ
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ‘মহিলা বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এ বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।
আজ মঙ্গলবার তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টর দ্বারা পরিচালিত এই পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে।’
তিনি বলেন, ‘নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়াতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘বর্তমানে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে একটি রুটে দুটি বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাসসহ মোট ১৪টি বাস ১৩টি রুটে চলাচল করবে।’
আগামী দিনে এই রুট আরও প্রসারিত করা হবে জানিয়ে রবিউল আলম বলেন, ‘বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখন যে পরিবেশ তারা পাচ্ছে, সেটা আরও উত্তরোত্তর সমৃদ্ধ করা হবে।’
‘নারী যাত্রীরা যেনো এই বাসে চড়তে ও যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করে, সেই ব্যবস্থা নিতে হবে,’ যোগ করেনসড়ক পরিবহনমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন।
এর আগে রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালু করা হয়েছিল। তবে বিভিন্ন কারণে সেটি নিয়মিতভাবে পরিচালনা করা সম্ভব হয়নি। এবার নতুন করে পিংক বাস সার্ভিস চালুর ফলে নগরীর নারী যাত্রীদের জন্য নিরাপদ গণপরিবহনের সুযোগ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।















