বিনোদন ডেস্ক ২ এপ্রিল ২০২৬ , ৭:৩৩:১৮ প্রিন্ট সংস্করণ
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস ভক্তদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে পাওয়া ভালোবাসা স্মরণ করে তিনি ভক্তদের মার্জিত আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং অহেতুক তর্ক-বিতর্কে না জড়াতে অনুরোধ করেছেন।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস বলেন, তার ভক্তরা শুধু সংখ্যায় নয়, বরং তাদের শিক্ষা, রুচি ও ভদ্র আচরণের জন্য আলাদা পরিচিতি রাখেন।
তিনি লেখেন, “এই দীর্ঘ পথচলায় আপনারা যেভাবে আমার ছায়া হয়ে পাশে আছেন, তার জন্য আমি চিরঋণী। আপনারা আমাকে শুধু একজন শিল্পী হিসেবে নয়, পরিবারের একজন সদস্য হিসেবে ভালোবেসেছেন।”
অপু বিশ্বাস মনে করেন, তার ভক্ত হওয়া মানেই শিষ্টাচার ও আভিজাত্যের এক অনন্য সমন্বয়। তাই অন্যের নেতিবাচক মন্তব্যে প্রতিক্রিয়া দেখিয়ে নিজের ব্যক্তিত্ব ক্ষুণ্ণ করার প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে তিনি আরও লেখেন, “আপনারা ধৈর্যশীল ও সুশিক্ষিত—এটা বারবার প্রমাণ করেছেন। তাই কারও সঙ্গে অহেতুক তর্কে বা কাদা ছোঁড়াছুড়িতে জড়াবেন না।”
পরিবার প্রসঙ্গেও কথা বলেন এই নায়িকা। তিনি জানান, তার পরিবার তার গর্বের জায়গা এবং প্রয়োজন ছাড়া তা নিয়ে নতুন করে কিছু প্রমাণ করার নেই। “আমাদের পরিচয় আমাদের কাজ, বংশমর্যাদা ও শিক্ষা”—যোগ করেন তিনি।
একই সঙ্গে ভক্তদের কাছে নিজের সন্তান আব্রাহাম খান জয়কে ভালোবাসা ও স্নেহে আগলে রাখার আহ্বান জানান অপু বিশ্বাস। তিনি মনে করেন, জয়কে ইতিবাচকভাবে উপস্থাপন করাই ভক্তদের দায়িত্ব।
সবশেষে অপু বিশ্বাস স্পষ্ট করে বলেন, তিনি কোনো বিতর্কে জড়াতে চান না; বরং ভালোবাসা ও কাজ নিয়েই এগিয়ে যেতে চান। ভক্তদের শান্ত ও হাসিখুশি থাকার পরামর্শ দিয়ে তিনি জানান, তাদের মার্জিত আচরণই তার পথচলার সবচেয়ে বড় শক্তি।
তার এই ইতিবাচক বার্তার পর সামাজিক মাধ্যমে ভক্ত ও নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা।




















