প্রতিনিধি ১৪ জুলাই ২০২৬ , ৫:৫২:৪৯ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন দেখা রাইসুল ইসলামের। সেই স্বপ্ন পূরণ না হলেও ক্রিকেটকে ছেড়ে যাননি তিনি। একজন খেলোয়াড় থেকে উদ্ভাবকে রূপান্তরিত হয়ে এমন একটি প্রশিক্ষণ সরঞ্জাম তৈরি করেছেন, যা ভবিষ্যতের পেস বোলারদের আরও দক্ষ করে তুলতে সহায়তা করছে।
ক্রিকেটের সঙ্গে রাইসুলের সম্পর্ক শুরু হয়েছিল একেবারে শৈশবের মাঠ থেকে। টেপ-টেনিস ক্রিকেটের উত্তেজনা পেরিয়ে তিনি এসেছেন গ্রামীণফোন পেস বোলার হান্টে, খেলেছেন ঢাকার ক্লাব ক্রিকেটে। গতি আর নিখুঁত লাইন-লেন্থের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছিলেন একজন ফাস্ট বোলার হওয়ার পথে।
এরপর উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বদলে যায় পরিবেশ, বদলে যায় জীবনের ব্যস্ততা। কিন্তু ক্রিকেট তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়েই থেকে যায়। ২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিযোগিতামূলক লিগে খেলেছেন তিনি। অংশ নিয়েছেন ইউএসএ ন্যাশনাল ক্রিকেট ট্রায়ালেও। আমেরিকান প্রিমিয়ার লিগে ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটার রাকিম কর্নওয়ালকে আউট করার স্মৃতিও তার ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য মুহূর্ত।
ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা তিনি ভাবেননি। তরুণ পেসারদের প্রশিক্ষণ দিতে গিয়ে রাইসুল একটি বিষয় গভীরভাবে অনুভব করেন। একজন ফাস্ট বোলারের সাফল্যের অন্যতম চাবিকাঠি হলো সঠিক কবজির অবস্থান এবং সিম নিয়ন্ত্রণ। কিন্তু এই দক্ষতা উন্নত করার জন্য সহজলভ্য ও কার্যকর প্রশিক্ষণ সরঞ্জামের অভাব রয়েছে। একজন খেলোয়াড়ের চোখে দেখা এই সমস্যাই তাকে উদ্ভাবনের পথে নিয়ে যায়।
নিজের খেলার অভিজ্ঞতা, কোচিংয়ের জ্ঞান এবং দীর্ঘ গবেষণার মাধ্যমে তিনি তৈরি করেন NextGen Wrist Trainer। এটি এমন একটি প্রশিক্ষণ সরঞ্জাম, যা ফাস্ট বোলারদের কবজির সঠিক অবস্থান বজায় রাখা এবং বলের সিম নিয়ন্ত্রণ উন্নত করতে সহায়তা করে।















