প্রতিনিধি ২৪ জুন ২০২৬ , ১১:১৫:০৪ প্রিন্ট সংস্করণ
ব্যক্তিগত শোকের কারণে ফ্রান্সের বিশ্বকাপের শেষ গ্রুপ ম্যাচে থাকতে পারবেন না কোচ দিদিয়ের দেশম। ফ্রান্স ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।
৫৭ বছর বয়সী দেশম মঙ্গলবার সকালে তার মায়ের মৃত্যুর খবর পান। পরে ফেডারেশনের সভাপতি ফিলিপে দিয়ালো তাকে ফ্রান্সে ফিরে গিয়ে শেষকৃত্যে অংশ নেওয়ার অনুমতি দেন।
ফ্রান্স ইতিমধ্যেই প্রথম দুই ম্যাচে সেনেগাল ও ইরাককে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার বোস্টনে নরওয়ের মুখোমুখি হবে, যেখানে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে।
ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, দেশম ফেরার আগ পর্যন্ত সহকারী কোচ গি স্তেফান দল পরিচালনার দায়িত্বে থাকবেন।
খেলোয়াড় হিসেবে দেশম ফ্রান্সকে ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২০১২ সালে তিনি ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব নেন। তার অধীনে দল ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ জেতে এবং ২০২২ সালে আর্জেন্টিনার কাছে ফাইনালে পরাজিত হয়।
চলতি বিশ্বকাপে ফ্রান্স প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ ব্যবধানে এবং দ্বিতীয় ম্যাচে ইরাককে ৩-০ ব্যবধানে হারায়। ওই ম্যাচে ফিলাডেলফিয়ায় দুই ঘণ্টার আবহাওয়া বিরতির কারণে খেলা সাময়িকভাবে বন্ধ ছিল।




















