প্রতিনিধি ১৭ জুন ২০২৬ , ১০:৩০:২৫ প্রিন্ট সংস্করণ
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। তবে ম্যাচের পর তার দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি বিতর্কিত মুহূর্ত।
মঙ্গলবার কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে এক পর্যায়ে আলজেরিয়ার রক্ষণভাগের খেলোয়াড় আইসা মান্দির সঙ্গে বলের লড়াইয়ে জড়িয়ে পড়েন মেসি। ট্যাকল করতে গিয়ে তিনি প্রতিপক্ষের পায়ের পেছনের অংশে আঘাত করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর মান্দি মাটিতে লুটিয়ে পড়েন এবং ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। টেলিভিশনের পুনঃপ্রচারেও দেখা যায়, ঘটনাটি গুরুতর শাস্তির কারণ হতে পারত।
তবে পোল্যান্ডের রেফারি শিমোন মারচিনিয়াক মেসিকে কোনো কার্ডই দেখাননি। এমনকি ভিডিও সহকারী রেফারিও ঘটনাটি নিয়ে কোনো হস্তক্ষেপ করেননি বলে মনে হয়েছে।
এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন অনেক ফুটবল সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করেন, অন্য কোনো খেলোয়াড় একই কাজ করলে তাকে মাঠ থেকে বহিষ্কার করা হতো।
একজন সমর্থক লিখেছেন, ‘মেসি লাল কার্ড থেকে বেঁচে গেলেন। ভিডিও সহকারী রেফারিও দেখল না। তাহলে সরাসরি আর্জেন্টিনার হাতেই শিরোপা তুলে দিন।’
আরেকজনের মন্তব্য, ‘মেসি ছাড়া অন্য কেউ হলে নিশ্চিতভাবে লাল কার্ড দেখত।’
কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে অভিযোগ করেন, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা মেসিকে বিশেষ সুবিধা দিচ্ছে।
তবে বিতর্কের মাঝেও মাঠে নিজের শ্রেষ্ঠত্ব দেখাতে ভোলেননি আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক করেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডের সমান।
ম্যাচের প্রথম গোলটি আসে রদ্রিগো দে পলের পাস থেকে। দ্বিতীয় গোল করেন দ্বিতীয়ার্ধের শুরুতে এবং তৃতীয় গোলটি আসে বদলি হওয়ার ঠিক আগে।
বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তার এই হ্যাটট্রিকটি আসে বিশ্বকাপে অভিষেকের ঠিক ২০ বছর পূর্তির দিনে। ২০০৬ সালে সার্বিয়া ও মন্টিনেগ্রোর বিপক্ষে ম্যাচে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিলেন তিনি এবং সেই ম্যাচেও গোল করেছিলেন।
ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়া মেসির মোট বিশ্বকাপ গোল এখন ১৬টি। এটি তার পেশাদার ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক এবং জাতীয় দলের জার্সিতে ১১তম।
এছাড়া টানা পাঁচটি বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়েছেন তিনি।
ম্যাচ শেষে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি মেসির প্রশংসায় বলেন, ‘লিওকে নিয়ে ভাষা খুঁজে পাচ্ছি না। তাকে নিয়ে আর কী বলব? সে অবিশ্বাস্য।’
তিনি আরও বলেন, ‘ফুটবলের সঙ্গে জড়িত সবাই তাকে খেলতে দেখতে চায় এবং তার খেলা উপভোগ করে।’
তবে মেসির ঐতিহাসিক হ্যাটট্রিকের রাতেও লাল কার্ড না পাওয়ার ঘটনাটি বিশ্বকাপজুড়ে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে।















