মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর প্রতিনিধি ১৫ জুন ২০২৬ , ১১:৫৬:৫৫ প্রিন্ট সংস্করণ
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের আমতলী ও কেরানিটেক এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছিল জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে জনজীবন অচল হয়ে পড়ত। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে পানি নিষ্কাশন ব্যবস্থা প্রায় অকেজো হয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে চরম ভোগান্তি ও ক্ষোভ বিরাজ করছিল।
সম্প্রতি একটি টেলিভিশন প্রতিবেদনে এলাকাবাসীর এই দুর্ভোগের চিত্র তুলে ধরা হলে বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে মানবিক দায়বদ্ধতা থেকে জলাবদ্ধতা নিরসনে ব্যক্তিগত উদ্যোগে মাঠে নেমেছেন ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমেদ রিজভী।
সরেজমিনে দেখা যায়, সিটি কর্পোরেশনের সহযোগিতায় একটি শক্তিশালী পানির পাম্প স্থাপন করে ড্রেনে জমে থাকা পানি নিষ্কাশনের কাজ শুরু করেছেন তিনি। একই সঙ্গে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে ড্রেনগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা অবহেলিত অবস্থায় ছিল। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াত। শাহীন আহমেদ রিজভীর এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে শাহীন আহমেদ রিজভী বলেন, “আমার এলাকার মানুষ জলাবদ্ধতায় কষ্ট পাবে, তা মেনে নেওয়া যায় না। সিটি কর্পোরেশনের সহযোগিতায় আমি সর্বোচ্চ চেষ্টা করছি এলাকাবাসীকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে। ড্রেনগুলো পুরোপুরি পরিষ্কার ও সচল না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা মনে করছেন, সংকটের সময়ে সরাসরি মাঠে নেমে কাজ করার এই উদ্যোগ শুধু জলাবদ্ধতা নিরসনেই নয়, জনসেবার প্রতি দায়িত্বশীলতারও একটি ইতিবাচক উদাহরণ। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে এলাকার দীর্ঘদিনের সমস্যা স্থায়ীভাবে সমাধানের পথ তৈরি হবে।




















