প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৫ , ৩:২২:২৫ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) পরিদর্শন করেছেন। এ সময় তিনি ভিসা সেবার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং আবেদনকারীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে হাইকমিশনার বেশ কয়েকজন ভিসা আবেদনকারীর সঙ্গে কথা বলেন, যাদের একটি বড় অংশ চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য মেডিকেল ভিসার আবেদন করেছেন। আবেদনকারীরা ভিসা প্রক্রিয়া ও সেবার বিভিন্ন দিক তুলে ধরেন।
উল্লেখ্য, গত সপ্তাহে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ও এর বিভিন্ন স্থাপনায় ‘গুরুতর নিরাপত্তা হুমকি’র তথ্য পাওয়ার পর একদিনের জন্য আইভিএসি কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রটি পুনরায় চালু করা হয় এবং যেদিন আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের জন্য বিকল্প তারিখ নির্ধারণ করা হয়।
ভারতীয় হাইকমিশন জানিয়েছে, অনেক আবেদনকারী গুরুতর অসুস্থতায় চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন।
মানবিক দিক বিবেচনায় নিয়ে এবং পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও ঢাকা, খুলনা, সিলেট ও রাজশাহীতে ভিসা কেন্দ্রগুলোর কার্যক্রম চালু রাখা হয়েছে। তবে চট্টগ্রামে সহকারী হাইকমিশন অব ইন্ডিয়ার (এএইচসিআই) প্রবেশমুখে গত ১৯ ডিসেম্বর রাতে সংঘটিত হামলার ঘটনায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় সেখানকার আইভিএসি সাময়িকভাবে বন্ধ রয়েছে। ওই ঘটনায় পাথর নিক্ষেপ এবং প্রবেশপথ ভাঙার হুমকির কারণে এএইচসিআই কর্মকর্তাসহ একই প্রাঙ্গণে বসবাসকারীদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি হয়।
আইভিএসি পরিদর্শনের সময় কেন্দ্রের কর্মকর্তারা হাইকমিশনারকে ভিসা আবেদনে বিপুল সংখ্যক জাল নথি জমা পড়া এবং দালাল ও মধ্যস্বত্বভোগীদের তৎপরতার বিষয়টি জানান। তারা অভিযোগ করেন, এসব চক্র ভিসা সার্ভার হ্যাকের চেষ্টা করে কৃত্রিম চাপ সৃষ্টি করছে, যার ফলে প্রকৃত আবেদনকারীরা সময়মতো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। প্রণয় ভার্মা এসব বিষয় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হবে বলে আশ্বাস দেন।














