প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১:২২:৪২ প্রিন্ট সংস্করণ
সীমান্তের দুই প্রান্তের সমর্থকেরা অনেক দিন পর একই পর্দায় উপভোগ করলেন ভারত-পাকিস্তান লড়াই। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘এ’ ম্যাচে মুখোমুখি হয়ে সূর্যকুমার যাদবের দল দেখিয়ে দিল দুই দলের ব্যবধান কতটা বেড়েছে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে।
ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়ার বন্যা বয়ে যায়। এরই মধ্যে ভাইরাল হয়েছে এক সমর্থকের ভিডিও, যেখানে পাকিস্তানের পরাজয়ে ক্ষুব্ধ হয়ে তাকে টেলিভিশন ভাঙতে দেখা যায়। অধিনায়ক সালমান আলি আগার দলকে কার্যত উড়িয়ে দেয় ভারত।
অর্ধশতক হাঁকানো ঈশান কিষাণের ঝড়ো ইনিংস ও সমন্বিত বোলিং নৈপুণ্যে ৬১ রানের বড় জয় পায় ভারত। এই জয়ের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ভারতের ব্যবধান দাঁড়াল ৮–১।
ম্যাচ শেষে ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল জানান, তিনি আর পাকিস্তানকে আলাদা কোনো প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন না। তার ভাষ্য, ‘আমরা তাদের একটি দল হিসেবেই দেখি। প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ভাবি না। আমরা কেবল ক্রিকেটে মনোযোগ দিই। আমি যখন খেলি, তখন প্রতিপক্ষকে শুধু একটি দল হিসেবেই বিবেচনা করি।’
রান তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ ও অক্ষর প্যাটেলের আঘাতে স্কোর হয়ে যায় ৩৪/৪। উসমান খান ৩৪ বলে ৪৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও বাকিরা ব্যর্থ হন। ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। টানা তৃতীয় জয়ে সুপার এইট পর্বে জায়গা নিশ্চিত করে ভারত।
ভারতের হয়ে অক্ষর প্যাটেল ৪ ওভারে ২/২৯ নিয়ে সেরা বোলার। পাশাপাশি হার্দিক পান্ডিয়া, বুমরাহ ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন।
গ্রুপ ‘এ’-তে তিন ম্যাচে তিন জয়ে শীর্ষে ভারত। পাকিস্তান দুই জয় ও এক হারে নেমে গেছে তৃতীয় স্থানে। আর যুক্তরাষ্ট্র দুই জয় ও দুই হারে অবস্থান করছে দ্বিতীয় স্থানে।








