সারাদেশ

ভোটকেন্দ্র পর্যবেক্ষণে গাজীপুরে ‘সেন্ট্রাল মনিটরিং সেল’ স্থাপন

  প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:১২:২৩ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধি করার লক্ষ্যে গাজীপুরের সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। যেকোনো ধরনের অনিয়ম রোধ এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি আধুনিক ‘সেন্ট্রাল মনিটরিং সেল’ স্থাপন করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের নির্দেশনায় এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গাজীপুর মহানগরী ও জেলা এলাকায় ৫টি নির্বাচনী আসনে সর্বমোট ৯৩৫টি ভোট কেন্দ্র রয়েছে। ইতিমধ্যে সকল ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত মনিটরিং সেল থেকে জেলার প্রতিটি ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে সিসিটিভির মাধ্যমে সরাসরি নজরদারি করা হবে।

ভোট চলাকালে কোনো কেন্দ্রে অনিয়ম বা দুর্বৃত্তায়নের চেষ্টা হলে এই মনিটরিং সেলের মাধ্যমে তা শনাক্ত করে দ্রুততম সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) তানিয়া তাবাসসুম জানান, এই মনিটরিং সেলটি বুধবার দুপুর ১২টায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের জন্য উন্মুক্ত করা হবে। নির্বাচন পর্যবেক্ষণের অনুমতিপ্রাপ্ত সাংবাদিকরা সরাসরি এই সেল পরিদর্শন করতে পারবেন এবং এসময় সেখানে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে এর কার্যকারিতা সম্পর্কে অবহিত হতে পারবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া তাবাসসুম আরও জানান, জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা বদ্ধপরিকর। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপন এবং কেন্দ্রীয়ভাবে তা মনিটর করার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content