প্রচ্ছদ

নবীনগরে কুখ্যাত সন্ত্রাসী মনেক ডাকাত গ্রেপ্তার

  নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ১৬ মার্চ ২০২৫ , ৮:৪৯:১৩ প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী, ১৯ মামলার আসামি মন্নাফ মিয়া ওরফে মনেক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ’র মাজার এলাকা থেকে র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়া লতিফুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে নবীনগর থানায় হস্তান্তর করা হয়। বেশ কয়েকমাস পূর্বেই এলাকায় তার সন্ত্রাসী কার্যকলাপের জন্য এবং বিভিন্ন মামলা ওয়ারেন্ট ভুক্ত আসামি থাকায় যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয়ে ছিল। কিছুদিনের মধ্যেই জামিনে বেরিয়ে এসে আবার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। সম্প্রতি এলাকার একটি বিয়ে বাড়িতে মনেক ডাকাত গোলাগুলির ঘটনা ঘটায়, সেখানে বাবা-ছেলেসহ ৪জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে।

নবীনগর থানার অফিসার্স ইনচার্জ আবদুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, মনেক ডাকাত যৌথবাহিনীর হাতে গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে এসে সম্প্রতি একটি বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলা চালায়। সেখানে বাবা-ছেলেসহ ৪ জন গুলিবিদ্ধ হয়। ওই ঘটনার মূল হোতা হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার (১৬ মার্চ) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি উপজেলার বড়িকান্দি গ্রামের অলি মিয়ার ছেলের বিয়ে চলাকালে পার্শ্ববর্তী নূরজাহানপুর গ্রামের কুখ্যাত মনেক ডাকাতের নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল। হামলায় ৪ জন গুলিবিদ্ধ হয়েছিল। এ ঘটনায় নবীনগর থানায় বাদি হয়ে মামলা করেন অলি মিয়ার স্ত্রী সেলিনা বেগম।

শুভ চক্রবর্ত্তী /এমআই

আরও খবর

Sponsered content