প্রতিনিধি ২৭ জুন ২০২৫ , ৫:১৮:১৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ইনকাম ট্যাক্স অফিসে বিএনপির নাম ভাঙিয়ে একটি সুবিধাভোগী চক্র নিজেদের ফায়দা লুটতে আন্দোলন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট করে বলেন, দলের অনুমতি ছাড়া সরকারি দফতরে বিএনপির নামে কেউ আন্দোলন করলে তার দায় দল নেবে না।
শুক্রবার (২৭ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “ইনকাম ট্যাক্সে বিএনপির নামে যারা আন্দোলন করছে তারা বিএনপির কেউ না। তারা একটি সুবিধাবাদী গোষ্ঠী, যারা দলের নাম ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। বিএনপি এসব আন্দোলন সমর্থন করে না।”
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, “দলের নামে অপকর্ম করে কেউ যেন সুবিধা না নিতে পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। রক্ত, সংগ্রাম ও আত্মত্যাগের ভেতর দিয়ে যে রাজনৈতিক পরিবর্তনের আশা তৈরি হয়েছে, তা যেন বিভ্রান্তির মধ্যে হারিয়ে না যায়।”
আলোচনায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের বক্তব্য উল্লেখ করে রিজভী বলেন, “তার কথাতেই প্রমাণ হয়েছে শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত সব নির্বাচন অবৈধভাবে সম্পন্ন হয়েছে।”
তিনি বলেন, “আমরা এমন একটি নির্বাচনের প্রত্যাশা করি, যা হবে নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার উপযোগী। সরকারকে অনতিবিলম্বে সেই পথেই এগোতে হবে।”
সংক্ষিপ্ত বক্তব্যে রিজভীর বার্তা ছিল পরিষ্কার—দলের নাম ভাঙিয়ে কোনো অনৈতিক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। একইসঙ্গে তিনি গণতন্ত্রের পথে ফেরার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।




















