সিলেট প্রতিনিধি: ২৪ জুলাই ২০২৬ , ২:১০:৫৯ প্রিন্ট সংস্করণ
সিলেটে এআরডি (অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট) নামে পরিচালিত একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান কাজী আলমের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, আর্থিক দুর্নীতি এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ৭ জুলাই ২০২৬ সিলেট জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন সংস্থাটির জাফলং শাখার ব্যবস্থাপক মো. কামাল হোসেন।
লিখিত অভিযোগে বলা হয়, এআরডি মূলত একটি সামাজিক সংগঠন হিসেবে গোলাপগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে নিবন্ধন লাভ করলেও পরবর্তীতে এটিকে এনজিও হিসেবে পরিচালনা করে সিলেটের বিভিন্ন উপজেলায় ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অভিযোগে উল্লেখ করা হয়, সংস্থাটি এমআরএর প্রাথমিক সনদ পাওয়ার পর থেকেই ভর্তি ফি, সঞ্চয়, ঋণ বিতরণ, সার্ভিস চার্জসহ বিভিন্ন ক্ষেত্রে এমআরএর নীতিমালা অনুসরণ করছে না।
অভিযোগ অনুযায়ী, ঋণগ্রহীতাদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি সার্ভিস চার্জ আদায় করা হয়। এছাড়া “এআরডি মা ও শিশু ক্লিনিক” নামে স্বাস্থ্য কার্ডের কথা বলে সদস্যদের কাছ থেকে অতিরিক্ত ২০০ থেকে ৫০০ টাকা নেওয়া হলেও বাস্তবে কোনো স্বাস্থ্যসেবা প্রদান করা হয় না। অভিযোগকারীর দাবি, এই অর্থ প্রতিষ্ঠানের হিসাবভুক্ত না করে নগদে গ্রহণ করা হয়।
এছাড়া অভিযোগে আরও বলা হয়েছে, এমআরএকে বিভ্রান্ত করতে একই শাখায় পৃথক ক্যাশ বই, লেজার, কালেকশন শিট, সফটওয়্যার ও পাসবই ব্যবহার করা হয়। বিভিন্ন সময়ে ভুয়া ঋণ বিতরণ, প্রকৃত বকেয়া গোপন রাখা এবং সফটওয়্যারে কাল্পনিক আদায়ের তথ্য সংযোজনের মাধ্যমেও আর্থিক অনিয়ম করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও দাবি করা হয়েছে, এমআরএর অনুমোদন ছাড়া কয়েকটি শাখার মাধ্যমে ওয়ালটের বিভিন্ন পণ্য বিক্রি, ডিপিএস, এফডিআর ও ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা বিধিমালার পরিপন্থী।
মো. কামাল হোসেন অভিযোগ করেন, এসব অনিয়মে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোয় তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে সফটওয়্যার রিপোর্ট, কালেকশন শিট, লেজার, পাসবই, ভাউচারসহ সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এআরডির চেয়ারম্যান কাজী আলমের বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।





















