প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৬ , ১০:২২:৫৭ প্রিন্ট সংস্করণ
আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসর ঘিরে যে আবেগ তৈরি হয়েছে, তা কোনো সাময়িক ক্রীড়া ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। কয়েক ঘণ্টার মধ্যেই সেই আবেগ পৌঁছে যায় দেশটির সর্বোচ্চ পর্যায়েও।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে দেশের এই কিংবদন্তির বিদায়ে যোগ দিয়েছেন আবেগঘন এক বার্তা দিয়ে। আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক এবং আধুনিক সময়ে দেশের ফুটবলের সবচেয়ে বড় সাফল্যের অন্যতম কারিগর মেসির প্রতি তার বার্তায় ছিল আন্তরিক শ্রদ্ধা ও উষ্ণতা।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় সমর্থকদের অভিবাদন জানানো মেসির একটি ছবি প্রকাশ করে মিলে লিখেছেন, ‘অসম্ভবকে সম্ভব করা মানুষ, তোমাকে অসংখ্য ধন্যবাদ।’
মেসি আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করার কয়েক ঘণ্টা পরই প্রেসিডেন্টের এই শ্রদ্ধা জানানো হলো। নিজের সিদ্ধান্ত যে সহজ ছিল না, তা স্বীকার করেছেন মেসি। তবে দীর্ঘদিনের ভাবনা-চিন্তার পর তিনি মনে করেছেন, এবার সরে দাঁড়িয়ে নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার সময় এসেছে।
মেসি বলেছেন, ‘আমি আমার সবটুকু দিয়ে দিয়েছি, দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই। একই সঙ্গে অসাধারণ একদল তরুণ খেলোয়াড় উঠে এসেছে, যারা নিজেদের সুযোগ পাওয়ার যোগ্য।’















