প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ , ১:১৩:১৭ প্রিন্ট সংস্করণ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেও শুক্রবার দিনের শুরুতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। তেলবাহী জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাব্য মার্কিন উদ্যোগ এবং জরুরি মজুত থেকে জ্বালানি ছাড়ার সিদ্ধান্তের প্রভাবে দাম কমেছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ১২ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪১ সেন্ট বা শূণ্য দশমিক ৩৯ শতাংশ কমে ১০৫ দশমিক ৫১ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫৪ সেন্ট বা শূণ্য দশমিক ৫৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৪৩ ডলারে নেমে আসে।
এর আগে সরবরাহের ওপর চাপ কমাতে জরুরি মজুত থেকে ২ কোটি ব্যারেলের বেশি ডিজেল এবং মার্চে ছাড়ার প্রতিশ্রুতি দেওয়া অবশিষ্ট তেল বাজারে ছাড়তে সম্মত হয় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।
এদিকে জ্বালানি পরিবহনের ব্যয় কমাতে রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলাসহ বিভিন্ন দেশ থেকে তেল পরিবহন করেছে এমন কিছু জাহাজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। রয়টার্সের এক প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়েছে
তবে মধ্যপ্রাচ্যে নতুন করে জাহাজে হামলা এবং আঞ্চলিক সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। হরমুজ প্রণালির কাছে তেলবাহী জাহাজে পুনরায় হামলার ঘটনা এবং সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত বৃদ্ধি পাওয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে অস্থিরতা দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে জরুরি মজুত থেকে জ্বালানি ছাড়া ও নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা স্বল্পমেয়াদে দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তেলের বাজারে অনিশ্চয়তা বজায় রাখছে।















