মাগুরা প্রতিনিধি: ২৩ জুন ২০২৬ , ৮:৩৯:৩২ প্রিন্ট সংস্করণ
তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের মূল্যবোধ জাগ্রত করা এবং দুর্নীতিবিরোধী গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরার শ্রীপুরে বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার দুপুরে শ্রীপুরের আলহাজ আলতাফ হোসেন মহিলা কলেজ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “অভাব নয়, সীমাহীন লোভ ও মানসিকতাই দুর্নীতির প্রধান কারণ” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় শ্রীপুর সরকারি এম.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় এবং হাটদ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়সহ চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষার্থী অংশ নেয়।
পক্ষ-বিপক্ষের যুক্তিতর্ক শেষে বিচারকমণ্ডলীর রায়ে হাটদ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং শ্রীপুর সরকারি এম.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ আলতাফ হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ ও শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ মঈদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহের সহকারী পরিচালক কাওসার আহমেদ।
এ সময় বক্তব্য দেন শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী এবং হাটদ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আলহাজ আলতাফ হোসেন মহিলা কলেজের শিক্ষকবৃন্দ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, মডারেটর ও বিচারকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।




















