সারাদেশ

মাদক ও ছিনতাই দমনে কার্যকর পদক্ষেপের দাবিতে টঙ্গীতে মানববন্ধন

  মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর ৮ ডিসেম্বর ২০২৫ , ২:০৩:৫৩ প্রিন্ট সংস্করণ

 

গাজীপুরে মাদক ও ছিনতাই দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নের দাবিতে টঙ্গীতে এক বৃহৎ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী পূর্ব থানার উপ–পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে ‘টঙ্গীর সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নারী–পুরুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ কয়েক শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, টঙ্গী ও গাজীপুর ধীরে ধীরে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। দিনের বেলাতেই ছিনতাই, চুরি, মুক্তিপণ আদায় ও মাদক সেবনের মতো অপরাধ বেড়ে চলেছে। পুলিশের দৃশ্যমান তৎপরতার ঘাটতির সুযোগে অপরাধীদের দৌরাত্ম্য ভয়াবহ রূপ নিচ্ছে বলে দাবি করেন তারা।

তাঁদের বক্তব্য, টঙ্গীর বিভিন্ন মার্কেট, স্টেশন রোড, কলেজসংলগ্ন সড়ক, ফ্লাইওভার ও গলিপথে একের পর এক ছিনতাই ও মাদক–সংক্রান্ত ঘটনা ঘটছে। এতে শিক্ষার্থী, চাকরিজীবী এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

মানববন্ধনকারীরা দ্রুত এসব অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা, গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পুলিশের টহল বৃদ্ধি এবং চিহ্নিত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানান।

মানববন্ধন চলাকালে পরিস্থিতি শান্ত রাখতে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার এসআই এস. এম. মেহেদী হাসান। তিনি অংশগ্রহণকারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং আশ্বস্ত করে বলেন, “টঙ্গীর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। মাদক ও ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে টঙ্গীর নিরাপত্তা পরিস্থিতি আবারও স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে ফিরে আসবে।

আরও খবর

Sponsered content