সারাদেশ

সারিয়াকান্দিতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১ লাখ ৩০ হাজার টাকা

  মোঃ রাশেদ মিয়া , স্টাফ রিপোর্টার, বগুড়া ২৩ ডিসেম্বর ২০২৫ , ৭:৫২:৩৯ প্রিন্ট সংস্করণ


বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ডোমকান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডোমকান্দি এলাকায় বাঙালি নদীর তীর থেকে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলন ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চর ডোমকান্দি এলাকার বাবুল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাবুল মিয়াকে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৫(১) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারায় ১ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

এছাড়াও ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে সরেজমিন অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানকালে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান বলেন, “অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙনের ঝুঁকি বাড়ে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

আরও খবর

Sponsered content