সারাদেশ

মাধবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৪ মে ২০২৬ , ৮:৩৫:৫৪ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চা বাগান এলাকায় বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সৈয়দ মো. শাহজাহান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চা বাগান এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন। কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার সুযোগ সৃষ্টি হলে এসব জনগোষ্ঠীর জীবনমান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মো. শাহজাহান বলেন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল দীর্ঘদিন ধরে চা শ্রমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। জাতীয় সংসদে তিনি চা শ্রমিকদের ভূমি অধিকারসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন বলেও উল্লেখ করেন তিনি।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ-সভাপতি সৈয়দ মো. জাভেদ এবং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেলসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে উপজেলার ২৬৩ জন সুফলভোগীর মধ্যে প্রথম ধাপে ১২০ জনের হাতে উপকরণ তুলে দেওয়া হয়। প্রতিটি পরিবারকে দুটি করে ছাগল, পাঁচটি ফ্লোর ম্যাট, টিন, খুঁটি এবং ৫০ কেজি পশুখাদ্য প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content