প্রতিনিধি ১১ জুলাই ২০২৬ , ৭:৫৭:৩১ প্রিন্ট সংস্করণ
সারাদেশে অব্যাহত অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট বন্যা এবং বিশেষ করে পাহাড়ি এলাকায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ নির্দেশনা দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংগঠনের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংশ্লিষ্ট ইউনিটসমূহের নেতাদের প্রতি বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো- স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করতে হবে; বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশুখাদ্য, প্রয়োজনীয় ঔষধ ও স্যালাইন বিতরণ করা; শিশু, নারী, বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে; বন্যাকবলিত এলাকায় পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ব্যবহার এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
সারাদেশে বন্যাকবলিত জেলা ও মহানগর আওতাধীন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটের নেতাদেরকে উপরোক্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।





















