রাজনীতি

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে তারেক রহমান

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৬ , ৪:১৯:৪৯ প্রিন্ট সংস্করণ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া শহরেরচার তারকা হোটেল নাজ গার্ডেনের বলরুমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। শুক্রবার দুপুরে সিএসএফ গ্লোবালের নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সামাজিক দায়িত্বের কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, এই শিশুদের অনেকের মধ্যেই রয়েছে অসাধারণ প্রতিভা ও সক্ষমতা। সঠিক সুযোগ ও সহায়তা পেলে তারা দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাদের জন্য আলাদা কিছু নয়, শুধু স্বাভাবিকভাবে চলার সুযোগটুকু নিশ্চিত করলেই তারা নিজেদের মেধা ও সম্ভাবনা বিকশিত করতে পারবে। তারা আমাদের বাইরের কেউ নয় আমাদেরই সমাজের অংশ।

তারেক রহমান বলেন, সমাজের প্রতিটি মানুষের মর্যাদা নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব হওয়া উচিত। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তবে এমন একটি বাংলাদেশ গড়া সম্ভব, যেখানে মানুষ আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবে এবং কাউকে অবহেলার চোখে দেখা হবে না। যেখানে প্রতিটি মানুষ সম্মান ও আত্মমর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারবে।

যার যার অবস্থান থেকে তিনি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। যা বিনির্মাণে বিএনপি সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে এ ধরনের সামাজিক উদ্যোগ আরও বিস্তৃত করা হবে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিএসএফ গ্লোবালের চেয়ারম্যান এম এ মুহিত।

অনুষ্ঠানে ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। পরে তারেক রহমান শিশুদের সঙ্গে সময় কাটান, খোঁজখবর নেন এবং তাদের পরিবেশিত সংগীত উপভোগ করেন। পুরো আয়োজনজুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠান শেষে তারেক রহমান বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান বলখী মাহী সওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রংপুরের উদ্দেশে যাত্রা করেন। রংপুরের জনসভা শেষে তিনি বগুড়ায় ফিরে রাত্রিযাপন করবেন।

আরও খবর

Sponsered content