নাহিদ মিয়া মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৫ , ১১:২৬:০২ প্রিন্ট সংস্করণ
দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য নাশকতা প্রতিরোধে হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেমের নেতৃত্বে খোলা বোতলে তেল বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অনুমোদনবিহীনভাবে ডিজেল ও পেট্রোল বিক্রির দায়ে অজিত পাল ও ধীরেন্দ্র ঘোষ নামে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিপুল পরিমাণ খালি বোতল, জার ও বিক্রির সরঞ্জাম জব্দ করা হয়।
ইউএনও জাহিদ বিন কাসেম বলেন, “খোলা তেল বিক্রির সুযোগে অসাধু ব্যক্তি নাশকতা ঘটাতে পারে। তাই খোলা তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং নিয়মিত নজরদারি চলবে।”
এদিকে, মাধবপুর থানা পুলিশ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকায় তল্লাশি ও টহল জোরদার করেছে। ঢাকা–সিলেট মহাসড়ক, রেলপথ, স্টেশন, ব্রিজ ও কালভার্ট এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ উল্ল্যা জানান, “পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশে মাঠে কঠোর নজরদারি চলছে। এখন পর্যন্ত কোনো নাশকতা বা অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি।”
স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে অগ্নিকাণ্ড ও নাশকতার ঝুঁকি কমে গেছে এবং জননিরাপত্তা আরও জোরদার হয়েছে।




















