মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৫ জানুয়ারি ২০২৬ , ১২:১২:৩৬প্রিন্ট
সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুরাদপুর গ্রামে মসজিদের ভেতরে ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (সকাল) আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদপুর গ্রামের ছোবেদ আলীর ছেলে সেলিম মিয়া (২৭) হঠাৎ মসজিদে ঢুকে তার শিশুকন্যাকে এক মাস আগে মারধর করা হয়েছে—এমন অভিযোগ তুলে ইমাম মো. আলী আজগরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তিনি ইমামকে চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ করা হয়েছে। শিশু শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ইমামকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ঘটনায় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মসজিদ কমিটি ও উপজেলা ইমাম সমিতির নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এই ঘটনায় মসজিদের ইমাম মো: আলী আজগর বাদী হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ খান জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত সেলিম মিয়ার বক্তব্য জানতে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।