কক্সবাজার জেলা প্রতিনিধি: ৯ অক্টোবর ২০২৬ , ১:৫৪:৩২ প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ৩ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার একটি কেওড়া বাগান থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও এসআরবি যৌথ অভিযান পরিচালনার পরিকল্পনা করে। এর অংশ হিসেবে রাত সাড়ে ১২টার দিকে যৌথ আভিযানিক দল দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-১০ সীমান্ত চিহ্ন থেকে প্রায় ৭০০ গজ পূর্বে জাদিমুড়া এলাকার মন্দিরের জোড়া নামক স্থানে মঞ্জু মেম্বারের প্রকল্পসংলগ্ন কেওড়া বাগানে অবস্থান নেয়।
পরে রাত আড়াইটার দিকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ওই এলাকায় আসতে দেখা যায়। যৌথ আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তারা সঙ্গে থাকা মাদকদ্রব্য কাদামাটির নিচে লুকিয়ে রেখে পাশের কেওড়া বাগানে পালিয়ে যায়।
এরপর যৌথ দলটি ওই এলাকায় তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো ৩ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
উদ্ধার করা ইয়াবার ঘটনায় নিয়মিত মামলা দায়ের এবং জব্দ করা মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সীমান্ত দিয়ে মাদক পাচারসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।




















