তথ্যপ্রযুক্তি

মাধবপুর সমাজসেবা অফিস কর্মকর্তা শূন্য, সেবাবঞ্চনার শিকার সাধারণ মানুষ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২০ অক্টোবর ২০২৫ , ৬:১১:২৮ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সমাজসেবা অফিসে দীর্ঘদিন ধরে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় কার্যত অচল হয়ে পড়েছে সরকারি এই দপ্তরটির সেবা কার্যক্রম। প্রতিদিন ভাতা নবায়ন, প্রতিবন্ধী নিবন্ধন, বয়স্ক ও বিধবা ভাতার আবেদনসহ বিভিন্ন সেবা নিতে শতাধিক মানুষ অফিসে ভিড় করলেও কর্মকর্তা না থাকার কারণে অধিকাংশই হতাশ হয়ে বাড়ি ফিরছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী তাপস গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক অস্থিরতার সময় থেকে আত্মগোপনে চলে যান। এরপর থেকে পদটি শূন্য পড়ে আছে। যদিও হবিগঞ্জ জেলা সমাজসেবা কর্মকর্তা নিপুণ রায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, তিনি মাসে গড়ে মাত্র চার দিন মাধবপুর অফিসে উপস্থিত থাকেন। এতে নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

সেবা নিতে আসা এক ভুক্তভোগী জানান,“ভাতা নবায়নের জন্য তিন সপ্তাহ ধরে অফিসে ঘুরছি। কর্মকর্তার দেখা পাচ্ছি না। কবে কাজ হবে তা কেউ বলতে পারে না।”

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিপুণ রায় বলেন,“আমি সদর দপ্তরের দায়িত্বে থাকায় প্রতিদিন মাধবপুরে আসা সম্ভব হয় না। মাসে চারদিন অফিস করি। তাছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণকাজের কারণে তীব্র যানজটও নিয়মিত অফিসে আসায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।”

এ অবস্থায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সেবা প্রত্যাশীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্মকর্তাহীন থাকায় দপ্তরের সেবাবঞ্চনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দ্রুত একজন স্থায়ী কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, সমাজসেবা দপ্তর দেশের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক ভাতা বিতরণ ও কল্যাণমূলক কার্যক্রমের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। কিন্তু কর্মকর্তা সংকটে মাধবপুরে দপ্তরটির কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।

আরও খবর

Sponsered content