তথ্যপ্রযুক্তি

রংপুরে কাঁচামরিচ-সবজি ও মুরগির দামে ঊর্ধ্বগতি

  মো: সাকিব চৌধুরী, রংপুর প্রতিনিধি : ২২ আগস্ট ২০২৫ , ২:৪৮:৪৬ প্রিন্ট সংস্করণ

রংপুরের বাজারে এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ, টমেটো, ঢেড়স, বরবটি, গোল বেগুনসহ বেশ কিছু সবজির দাম বেড়েছে। একইসঙ্গে বেড়েছে পোলট্রি মুরগি ও ডিমের দাম। তবে চাল, ডাল, তেল, মাছ ও মাংসের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০০ থেকে ৩২০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ২২০ থেকে ২৪০ টাকা। টমেটো কেজিপ্রতি ২০০-২২০ টাকা, ঢেড়স ৫৫-৬০ টাকা, বরবটি ৯০-১০০ টাকা এবং গোল বেগুন ৮০-৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁয়াজের দাম কিছুটা কমে কেজিপ্রতি ৭০-৮০ টাকায় নেমে এসেছে।

ডিমের দাম হালিপ্রতি বেড়ে হয়েছে ৪৮-৫০ টাকা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০-১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০-৩৪০ টাকা এবং দেশি মুরগি ৪৮০-৫০০ টাকা।

কামাল কাছনা বাজারের বিক্রেতা মঈন জানান, টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমেছে, ফলে বাজারে প্রভাব পড়েছে। একইভাবে মরিচ বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ কমায় কাঁচামরিচের দাম হঠাৎ বেড়ে গেছে।

এদিকে চালের বাজারে মোটা স্বর্ণা বিক্রি হচ্ছে ৫২-৫৪ টাকা, মিনিকেট ৮৫-৯০ টাকা এবং নাজিরশাইল ৯০-৯৫ টাকা কেজি দরে। ডাল, তেল ও চিনির বাজারেও তেমন পরিবর্তন হয়নি।

মাছের বাজারে রুই ৩০০-৩৮০ টাকা, কাতল ৩০০-৫০০ টাকা, পাঙাশ ১৫০-২০০ টাকা এবং গছি মাছ আকারভেদে ৮০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও খবর

Sponsered content