মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ ১১ সেপ্টেম্বর ২০২৫ , ৬:৫৮:৩৫ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলার পরানপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ-এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলনে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী ও স্থানীয়রা।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনায় একক আধিপত্য বিস্তার করছেন। দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে শিক্ষক নিয়োগে প্রায় অর্ধকোটি টাকা লেনদেন করেছেন বলে দাবি করেন তারা। এছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অভিভাবক ও এলাকাবাসীর সঙ্গে দুর্ব্যবহার, ক্ষমতার অপব্যবহার এবং ভয়ভীতি প্রদর্শনের কথাও তুলে ধরেন।
স্থানীয়রা জানান, “উনি প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে সাহস পায় না। প্রতিবাদ করলেই মিথ্যা মামলার হুমকি দেন। এতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে।”
বিক্ষোভ চলাকালে উত্তেজিত জনতা প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।
এ বিষয়ে মান্দা থানার ওসি মনসুর রহমান জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাস্থলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখসহ বিএনপি ও জামায়াতপন্থী বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ-এর অপসারণ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।




















