সিলেট প্রতিনিধি: ১২ নভেম্বর ২০২৫ , ২:৫৩:০৪ প্রিন্ট সংস্করণ
সিলেটের দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্ট এলাকায় মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এক নাটকীয় চুরির ঘটনার সৃষ্টি হয়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও ক্ষোভের জন্ম দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, একটি সিএনজিচালিত অটোরিকশায় দুজন যুবক ও একটি ছাগলকে কেন্দ্র করে ‘চুরি’ নাটক সাজানো হয়, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটিতে একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা থাকতে পারে, যারা পূর্বে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এদের কেউ কেউ নিজেদের রাজনৈতিক বা সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে স্থানীয়দের অভিযোগ।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তা ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার করেন। এতে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।
এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেউ মিথ্যা নাটক সাজিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, স্থানীয় সচেতন মহল বলছে, সম্প্রতি এলাকায় কিছু ব্যক্তি নিজেদের বিভিন্ন পরিচয়ে ব্যবহার করে বিভ্রান্তিকর কার্যকলাপে জড়াচ্ছেন, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। তারা প্রশাসনের কাছে এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।





















