প্রতিনিধি ২১ আগস্ট ২০২৬ , ৮:১৩:১১ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের সদ্য শপথ নেওয়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ শুক্রবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ অভিনন্দনবার্তা প্রকাশ করা হয়।
অভিনন্দনবার্তা বাংলাদেশের রাষ্ট্রপতির উদ্দেশে ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আপনার দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি নিশ্চিত যে, আপনার দীর্ঘ জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় একটি সফল সময়ের সূচনা করবে।’
দ্রৌপদী মুর্মু বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে এক অনন্য সম্পর্ক বিদ্যমান, যার মূলে রয়েছে ত্যাগের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং বন্ধুত্বের উষ্ণ সম্পর্ক। সম্প্রতি জ্বালানি, প্রযুক্তি, সংযোগ, যুব বিষয়ক, স্বাস্থ্য এবং শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে ক্রমাগত আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারিত হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যে অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে আমি আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। মহামান্য, আপনার অব্যাহত সুস্বাস্থ্য ও সুখ, আপনার দায়িত্বের সফল সম্পাদনা এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমার আন্তরিক শুভেচ্ছা নেবেন।’
এর আগে, আজ রাত পৌঁনে ৮টার দিকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর গতকাল বৃহস্পতিবার দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন।





















