মেহেরপুর প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৬ , ৩:২৫:৪৭ প্রিন্ট সংস্করণ
“সামাজিক নিরাপত্তা উন্নয়ন অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ভিডিপি দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় মেহেরপুর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভিডিপি দিবসের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মেহেরপুর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান।
উদ্বোধন শেষে জেলা কমান্ড্যান্ট কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আনসার ও ভিডিপি ইউএভিডিও কর্মকর্তা মোস্তফা গাজী এবং মুজিবনগর উপজেলা আনসার ও ভিডিপি ইউএভিডিও কর্মকর্তা জেসমিন সুলতানা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রশিক্ষক সাগর হোসেন, সদর উপজেলা প্রশিক্ষিকা ফেরদৌসী বানু, গাংনী উপজেলা প্রশিক্ষক রাকিবুল ইসলাম সজিব, মুজিবনগর উপজেলা প্রশিক্ষক মানিক মিয়াসহ মেহেরপুর জেলার আনসার ও ভিডিপি বাহিনীর দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক ভিডিপি সদস্য ও সদস্যাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও জনসেবায় আনসার ও ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এই বাহিনী দেশ ও সমাজের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।















